শ্রীরামের কৈকেয়ী সম্বোধন

Mahakavi Krittibas OjhaMahakavi Krittibas Ojha1 Jan 1831

3 min read · 13.4K reads

শ্রীরামের কৈকেয়ী সম্বোধন

আইল দেশেতে রাম আনন্দ সবার |
শুনিলা কৈকেয়ী রাণী শুভ সমাচার ||
অভিমানে কৈকেয়ীর পরিপূর্ণ আঁখি |
কথা কি কবেন রাম মা বলিয়া ডাকি ||
যদি রাম পূর্বমত করে সম্ভাষণ |
রাখিব এ দেহ নহে ত্যজিব জীবন ||
এতেক ভাবিয়া রাণী হৈল অধোমুখ |
করেতে রাখিল এক বিষের লড্ডুক ||
যদি রাম মা বলিয়া না ডাকে আমারে |
ত্যজিব এ পাপপ্রাণ বিষপান করে ||
এত বলি অভিমানে রহিলেন রাণী |
অন্তরে জানিল তাহা রাম রঘুমণি ||
হইল ব্যথিত প্রাণ বিমাতার তরে |
আগেতে চলিলা রাম কৈকেয়ীর পুরে ||
ধুলায় বসিয়া রাণী বিরস বদন |
হেনকালে রাম গিয়া বন্দিল চরণ ||
কৈকেয়ীরে শ্রীরাম কহেন জোড় করে |
দেখিতে আইনু মাতা চৌদ্দ বর্ষ পরে ||
অরণ্যেতে পড়েছিনু অনেক প্রমাদে |
উদ্ধার হয়েছি সবে তব আশির্ব্বাদে ||
লজ্জা পাইয়া কৈকেয়ী কহে রঘুনাথে |
কোন্ দোষে দোষী আমি তোমার অগ্রেতে ||
বনে গেলে দেবতার কার্যসিদ্ধি লাগি |
আমারে করিলে কেন নিমিত্তের ভাগী ||
তুমি গোলোকের পতি জানে এ সংসার |
অবতার হয়েছ হরিতে ক্ষিতিভার ||
সংসারের সার তুমি কে চিনিতে পারে |
সূর্যবংশ পবিত্র তোমার অবতারে ||
অরি মারি দেবতার বাঞ্ছা পুরাইলি |
আমার মাথায় দিয়া কলঙ্কের ডালি ||
বাছা রাম বলি তোরে আর এক কথা |
এত যে দিতেছ দুঃখ জানিয়া বিমাতা ||
চিরকাল ভরতের বাড়া স্নেহ করি |
কুবোল বলিনু মুখে তোমার চাতুরী ||
সর্বঘটে স্থায়ী তুমি সুখদুঃখ দাতা |
এতেক দুর্গতি কৈলে জানিয়া বিমাতা ||
লজ্জিত হইয়া রাম হেঁট কৈল মাথা |
জোড়হাত করে রাম কহিছেন কথা ||
কৈকেয়ীরে তোষে বলি বিনয় বচন |
তব দোষ নাহি মাতা দৈব নির্বন্ধন ||
কালেতে সকলি হয় বিধির নির্বন্ধ |
তোমার প্রসাদে আমি বধি দশস্কন্ধ ||
তোমা হৈতে পাইলাম সুগ্রীব সুমিত |
সংকটেতে করিল সুগ্রীব বড় হিত ||
তোমার প্রসাদে করি সাগর বন্ধন |
রাবণে মারিয়া আমি তুষি দেবগণ ||
জানিলাম লক্ষণের যতেক ভকতি |
জানিলাম সীতী দেবী পতিব্রতা সতী ||
তোমা হইতে ধর্মাধর্ম জানিলাম মাতা |
ছল বাক্যে কৈকেয়ী দ্বিগুণ পাইল ব্যথা ||
সবার আনন্দ হৈল রাম দরশনে |
আনন্দে রহিল রাম মাতার ভবনে ||
কেহ নাচে কেহ গায় মনের হরিষে |
লঙ্কাকাণ্ড গাইল পণ্ডিত কৃত্তিবাসে ||

Mahakavi Krittibas Ojha
About the poet

Mahakavi Krittibas Ojha

Mahakavi Krittibas Ojha was a medieval Bengali poet. His major contribution to Bengali literature and culture was Indian epic Ramayana in Bengali. His work, the Sri Ram Panchali, is popularly known as the Krittivasi Ramayan. His work, edited by Jaygopal Tarka…

View profile & all 1 Poems / Stories

More Poetry & Stories You May Like