ব্যর্থ যৌবন

Rabindranath TagoreRabindranath Tagore7 May 1861 – 7 Aug 1941

2 min read · 12.7K reads

ব্যর্থ যৌবন
আজি যে রজনী যায় ফিরাইব তায়
কেমনে?
কেন নয়নের জল ঝরিছে বিফল
নয়নে!
এ বেশভূষণ লহ সখী, লহ,
এ কুসুমমালা হয়েছে অসহ--
এমন যামিনী কাটিল বিরহ
শয়নে।
আজি যে-রজনী যায় ফিরাইব তায়
কেমনে।
আমি বৃথা অভিসারে এ যমুনাপারে
এসেছি।
বহি বৃথা মনোআশা এত ভালোবাসা
বেসেছি।
শেষে নিশিশেষে বদন মলিন,
ক্লান্ত চরণ, মন উদাসীন,
ফিরিয়া চলেছি কোন্‌ সুখহীন
ভবনে!
হায়, যে-রজনী যায় ফিরাইব তায়
কেমনে?
কত উঠেছিল চাঁদ নিশীথ-অগাধ
আকাশে!
বনে দুলেছিল ফুল গন্ধব্যাকুল
বাতাসে।
তরুমর্মর নদীকলতান
কানে লেগেছিল স্বপ্নসমান,
দূর হতে আসি পশেছিল গান
শ্রবণে।
আজি সে রজনী যায়, ফিরাইব তায়
কেমনে।
মনে লেগেছিল হেন, আমারে সে যেন
ডেকেছে।
যেন চিরযুগ ধরে মোরে মনে করে
রেখেছে।
সে আনিবে বহি ভরা অনুরাগ,
যৌবননদী করিবে সজাগ,
আসিবে নিশীথে, বাঁধিবে সোহাগ-
বাঁধনে।
আহা, সে রজনী যায়, ফিরাইব তায়
কেমনে।
ওগো, ভোলা ভালো তবে, কাঁদিয়া কী হবে
মিছে আর?
যদি যেতে হল হায়, প্রাণ কেন চায়
পিছে আর?
কুঞ্জদুয়ারে অবোধের মতো
রজনীপ্রভাতে বসে রব কত!
এবারের মতো বসন্ত গত
জীবনে।
হায় যে রজনী যায় ফিরাইব তায়
কেমনে।

Rabindranath Tagore
About the poet

Rabindranath Tagore

Rabindranath Tagore also known by his pen name Bhanu Singha Thakur (Bhonita), and also known by his sobriquets Gurudev, Kabiguru, and Biswakabi, was a polymath, poet, musician, and artist from the Indian subcontinent. He reshaped Bengali literature and music,…

View profile & all 1449 Poems / Stories

More Poetry & Stories You May Like