প্রায় চার দশক আগের কথা।

ভাষা শেখার আগে, বাবার কোলে উঠে 

আমার বই পাড়ায় প্রথম আশা। 

কার্তিক বোস স্ট্রিট থেকে হাঁটা পথ। 

কলেজ স্ট্রিট এর কফি হাউস পার হতেই

বাবা কে কানে কানে প্রশ্ন করে ছিলাম, 

এটা কিসের গন্ধ? 

বাবা গাল টিপে বললো, "নতুন পাতার গন্ধ!" 

বর্ণপরিচয় এর স্রষ্টা বিদ্যাসাগর মহাশয়ের মূর্তির পাশ কাটিয়ে বাবা যখন আমাকে হাঁস আর টিয়া পাখি দেখাত, 

আমি টিনের গুমটি দোকান গুলো দেখতাম আর ভাবতাম,

এতো বই পড়তে পড়তে যদি বুড়ো হয়ে যাই?

সব যদি মাথায় গিয়ে গুলিয়ে যায়? 

অক্ষরদের মধ্যে যদি লড়াই লেগে যায়? 

বাবা বলত, "বিদ্যা ভাসমান, সে তার মত জায়গা করে নেবে!"

কাল ঝড়ে কলেজ স্ট্রিটে ভেসে যাওয়া পাতা গুলোর গন্ধ আবার পেলাম। 

জানলার ধারে বসে এই সব ভাবছিলাম।

আমার ছয় বছরের ছেলে রিয়ান বললো, "বাবা কি ভাবছ?"

বললাম, "এবার কলকাতা গেলে তোমাকে নতুন পাতার গন্ধের গল্প বলবো!" 

রিয়ান বললো, "কলকাতাতে ঝড় থেমে গেছে বাবা?" 

আমি বললাম, "ঝড় থামে না! কোথাও না কোথাও আবার ঝড় উঠেছে!"