(তুই) পূজার প্রদীপ জ্বালিয়ে রাখিস হৃদয়-দেউল মাঝে। ভক্তি প্রেমের ধূপটি জ্বালাস, নিত্য সকাল সাঁঝে। পাবি যেদিন দুঃখ ব্যথা, দেবতারি পায় নোয়াস মাথা, বলিস্ “তোমার ইচ্ছা ফলুক, আমার জীবন মাঝে”॥ আপনাকে তাঁর ভৃত্য রাখিস্, তাঁরে করিস্ রাজা, তাঁর তরে তুই আসন পাতিস্, ফুলের মালা সাজা। তবু যদি দেখা না পাস্, চোখের জলে বেদন জানাস্ বলিস্ “প্রিয়! তোমার তরে এ দেহে প্রাণ আছে॥”