বড়ই নিষ্ঠুর আমি ভাবি তারে মনে, লো ভাষা, পীড়িতে তোমা গড়িল যে আগে মিত্রাক্ষররূপ বেড়ি ! কত ব্যথা লাগে পর' যবে এ নিগড় কোমল চরণে- স্মরিলে হৃদয় মোর জ্বলি উঠে রাগে ছিল না কি ভাবধন, কহ, লো ললনে, মনের ভাণ্ডারে তার, যে মিথ্যা সোহাগে ভুলাতে তোমারে দিল এ তুচ্ছ ভূষণে ? কি কাজ রঞ্জনে রাঙি কমলের দলে ? নিজরূপে শশিকলা উজ্জ্বল আকাশে ! কি কাজ পবিত্রি' মন্ত্রে জাহ্নবীর জলে ? কি কাজ সুগন্ধ ঢালি পারিজাত-বাসে ? প্রকৃত কবিতা রূপী কবিতার বলে,- চীন-নারী-সম পদ কেন লৌহ ফাঁসে ?