কত দূরে আছ প্রভু, প্রেম পারাবার ? শুনিতে কি পাবে মৃদু বিলাপ আমার ? তোমারই চরণ-আশে, ধীরে ধীরে নেমে আসে, ভকতি-প্রবাহ দীন ক্ষীন জলাধার। কঠিন বন্ধুর পথ, পলে পলে বাধা শত অচল হইয়া প্রভু পড়ে বার বার! নীরস নিঠুর ধরা ; শুষে লয় বারিধারা, কেমনে দুস্তর মরু হয়ে যাবে পার ? বড় আশা ছিল প্রাণে, ছুটিয়া তোমারি পানে এক বিন্দু বারি দিব চরণে তোমার। পরিশ্রান্ত পথ হারা, নিরাশ দুর্বল ধারা --- করুণা কল্লোলে তারে ডাকো একবার॥