'এতক্ষণে' -অরিন্দম কহিলা বিষাদে 'জানিনা কেমনে আসি লক্ষণ পশিল রক্ষঃপুরে ! হায়, তাত, উচিত কি তব একাজ, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ ? -শূলী-শম্ভূনিভ কুম্ভকর্ণ ? ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী ? নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে ? চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে ? কিন্তু নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি পিতৃতুল্য | ছাড় দ্বার, যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে শমন-ভবনে, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে |' উত্তরিলা বিভীষণ;-'বৃথা এ সাধনা, ধীমান্ ! রাঘবদাস আমি ; কি প্রকারে তাঁহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ ?' উত্তরিলা কাতরে রাবণি ;- 'হে পিতৃব্য, তব বাক্যে ইচ্ছি মরিবারে ! রাঘবের দাস তুমি ? কেমনে ও মুখে আনিলে ও কথা, তাত, কহ তা দাসেরে ! স্থপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে ; পড়ি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায় ? হে রক্ষোরথি, ভুলিলে কেমনে কে তুমি ? জনম তব কোন্ মহাকুলে ? কেবা সে অধম রাম ? স্বচ্ছ সরোবরে করে ফেলি রাজ হংস পঙ্কজ কাননে ; যায় কি সে কভু, পঙ্কিল সলিলে, শৈবালদলের ধাম ? মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর-কেশরী, সম্ভাষে শৃগালে মিত্রভাবে ? অজ্ঞ দাস, বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিছু তোমার চরণে | ক্ষুদ্রমতি নর, শূর, লক্ষণ ; নহিলে অস্ত্রহীন যোধে কি সে সম্বোধে সংগ্রামে ? কহ, মহারথি, একি মহারথিপ্রথা ? নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে এ কথা ! ছাড়হ পথ ; আসিব ফিরিয়া এখনি ! দেখিব আজি, কোন্ দেববলে, বিমুখে সমরে মোরে সৌমিত্রি কুমতি ! দেব-দৈত্য-নর-রণে, স্বচক্ষে দেখেছ, রক্ষঃশ্রেষ্ঠ, পরাক্রম দাসের ! কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে ? নিকুম্ভিলা-যজ্ঞাগারে প্রগল্ ভে পশিল দম্ভী ; আজ্ঞা কর দাসে, শাস্তি নরাধমে | তব জন্মপুরে, তাত, পদার্পণ করে বনবাসী ! হে বিধাতঃ, নন্দন-কাননে ভ্রমে দুরাচার দৈত্য ? প্রফুল্ল কমলে কীটবাস ? কহ, তাত, সহিব কেমনে হেন অপমান আমি,-ভ্রাতৃ পুত্র তব ? তুমিও, হে রক্ষোমণি, সহিছ কেমনে ?' মহামন্ত্রবলে যথা নম্রশিরঃ ফণী, মলিনবদন লাজে, উত্তরিলা রথী রাবণ-অনুজ, লক্ষি রাবণ-আত্মজে ;- 'নহি দোষী আমি, বত্স; বৃথা ভর্ত্স মোরে তুমি ! নিজ কর্ম দোষে হায় মজাইলা এ কনক-লঙ্কা রাজা, মজিলা আপনি ! বিরত সতত পাপে দেবকুল ; এবে পাপপূর্ণ লঙ্কা পুরী ; প্রলয়ে যেমতি বসুধা, ডুবিছে লঙ্কা এ কাল-সলিলে ! রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী তেঁই আমি ! পরদোষে কে চাহে মজিতে ?' রুষিলা বাসবত্রাস ! গম্ভীরে যেমতি নিশীথে অম্বরে মন্দ্রে জীমূতেন্দ্র কোপি, কহিলা বীরেন্দ্র বলী ;-'ধর্মপথগামী, হে রাক্ষসরাজানুজ, বিখ্যাত জগতে তুমি ;-কোন্ ধর্মমতে, কহ দাসে, শুনি, জ্ঞাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি,-এ সকলে দিলা জলাঞ্জলি ? শাস্ত্রে বলে, গুণবান্ যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা ! এ শিক্ষা হে রক্ষোবর, কোথায় শিখিলে ? কিন্তু বৃথা গঞ্জি তোমা ! হেন সহবাসে, হে পিতৃব্য, বর্বরত কেন না শিখিবে ? গতি যার নীচ সহ, নীচ সে দুর্মতি |'