রাস্তার মতোই চলমান, মানুষের থামার উপায় নেই,
অচেনা পথকে বরণ করতেই হয় জন্মের পর থেকেই।
কখনও কখনও কোনো রাস্তাকে দূর থেকে দেখে,
যেন নামহীন কোনো একটা নদীর মতোই মনে হয়।
অমন রাস্তার প্রেজেন্ট কনটিনিউয়াস নাম দিলে হয়।
চেনা পথেই যে হাঁটতে হবে এটা কোনো কথা নয়,
মাঝে মাঝে অচেনা, অজানা, নতুন পথে চলতে হয়।
তাতে, একটা পথ আবিষ্কারের আনন্দ পাওয়া যায়!
আনন্দ পাওয়ার জন্যেই তো মানুষ করে প্রচেষ্টা,
নতুন আবিষ্কারগুলো এভাবেই প্রতিষ্ঠা পায় শেষটা!
অনায়াসে মজা করে হঠাৎ আনন্দ খোঁজা মন্দ নয়।
এমনিতে তো পথের সাথেই কোথাও যেতে হয়,
আর সে পথ যদি নতুন হয় ? শুরুটা জানা,শেষ নয় !
তবে তো পথ চলার আনন্দটা বহুগুণ বেড়ে যায়।
বরং কখনও চেনা পথে চলাকে কাজ বলে মনে হয়,
অবসাদ ঘিরে ধরে, যদি সেই পথে একলা যেতে হয়।
জীবনের পথে চলার বেলায় ভবিষ্যৎ জানা নেই,
ধারণা, আছি বেশ দাঁড়িয়ে সকলে এই বর্তমানেই।
ভালো করে ভেবে দেখলে বর্তমান বলে কিছুই নেই,
চলেছি আমরা আসলে সবসময় ভবিষ্যতের পানেই।
অজানা পথের শেষে যতদূর দৃষ্টি বিস্তার করা যায়,
তাকেই অন্য ভাষাতে ভিস্তা বলে অভিহিত করা হয়।
সেই অচেনা রাস্তাটা মানুষকে স্বপ্ন দেখতে শেখায় !
কিছুক্ষণ সামনে তাকালে রাস্তাটা যেন হাতছানি দেয়,
কেমন যেন ঘোরে ফেলে দিয়ে, কি করে মন ভোলায়।
কেউ ঘরের দেয়ালে যদি এমন এক ছবি আটকায়,
ঘরটাকে দেখে আগের চেয়ে বেশি বড় মনে হয়।
নিজের মনটাকেও যে প্রসারিত করতে ইচ্ছে হয় !
সংশোধনাগারের দেয়ালে যদি ছবি আঁকতে দেয়,
মনে হয় এমন ছবি আঁকতে চাইবে ওরা অনেকেই।
যে পথে দাগী অপরাধীদের চেনা লোকজন নেই,
সে পথে তারা নতুন করে জীবন শুরু করতে পারেই!


